লড়াইটা ছিল তারুণ্যের স্পর্ধার। লড়াইটা পাওয়ার টেনিসের। আলোচিত দুই তরুণের সেই লড়াইয়ে জয় ১৯ বছর বয়সী প্রতিভার। টেনিস বিশ্ব শুনতে পেল নতুন এক তারকার জয়ধ্বনি।
আগ্রাসী টেনিসের দুরন্ত প্রদর্শনীতে ক্যাস্পার রুদকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতে নিলেন কার্লোস আলকারাস। পাশাপাশি তিনি নিশ্চিত করলেন ইতিহাসের সর্বকনিষ্ঠ হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠাও।
আলকারাসের প্রাণবন্ত টেনিসের সামনে খুব একটা লড়াই জমাতে পারেননি রুদ। ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে রোববার নরওয়ের ২৩ বছর বয়সী তারকার বিপক্ষে স্পেনের টিন এজ তারকা জিতে যান ৬-৪, ২-৬, ৭-৬ (১), ৬-৩ গেমে।
প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা আর এক নম্বরে ওঠা, ফাইনালে একই হাতছানি ছিল দুজনের সামনেই। অভিজ্ঞতায় কিছুটা এগিয়ে ছিলেন রুদ। কিন্তু এবারের টুর্নামেন্টের চমক আলকারাস তার বিদ্যুচ্চমকের মতো টেনিসের ঝলকানিতে ফাইনালেও অসহায় করে রাখলেন প্রতিপক্ষকে।
১৯৭৩ সালে এটিপি র্যাঙ্কিং চালু হওয়ার পর এক নম্বরে ওঠা প্রথম টিন এজ খেলোয়াড় আলকারাস। এতদিন সর্বকনিষ্ঠ এক নম্বর ছিলেন লেটন হিউয়িট। ২০০১ সালে ২০ বছর বয়সে শীর্ষে পা রেখেছিলেন অস্ট্রেলিয়ান এই তারকা।
এই বছর থেকেই মূলত আলকারাসের পরিচিতি একটু একটু করে ছড়াতে থাকে টেনিস বিশ্বে। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে তিনি তৃতীয় রাউন্ডে ওঠেন, উইম্বলডনে পা রাখেন কোয়ার্টার-ফাইনালে, ফ্রেঞ্চ ওপেনে খেলেন চতুর্থ রাউন্ড পর্যন্ত। এরপর এই ইউএস ওপেনে প্রথম সেমি-ফাইনাল থেকে প্রথম ফাইনাল হয়ে প্রথমবার পেলেন ট্রফি জয়ের স্বাদ।ছেলেবেলা থেকেই এমন কিছুর স্বপ্ন দেখে আসছি আমি… বিশ্বের এক নম্বর হব, গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতব।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম