মাস দেড়েকে মধ্যে তাঁরই দেশে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ফরম্যাটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টি-২০ ফরম্যাটে মনোযোগ দিতে চান তিনি। তাই এই সিদ্ধান্ত। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ওয়ান ডে ম্যাচ খেলে এই ফরম্যাটকে চিরতরে বিদায় জানাবেন ফিঞ্চ। একদিন আগেই জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি বছরে ওডিআই ফরম্যাটে অ্যারন ফিঞ্চের পারফরম্যান্স একেবারেই পাতে দেওয়ার মতো নয়। ১৩টি ম্যাচ খেলে রান মাত্র ১৬৯। শেষ ১২টি ইনিংসের মধ্যে পাঁচটিতেই শূন্য রানে আউট হয়েছেন। শেষ সাতটি ইনিংসে করেছেন মাত্র ২৬ রান। গত দু’বছর ধরে ব্যাটে সেঞ্চুরি নেই। ফর্ম হারিয়ে ফরম্যাটকেই বিদায় জানালেন ফিঞ্চ।
অবসর ঘোষণা করে ফিঞ্চ বলেছেন, কিছু দারুণ স্মৃতির সঙ্গে এই জার্নিটা দুর্দান্ত ছিল। দুর্ষর্ধ একটা ওয়ান ডে টিমের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। একইভাবে যাঁদের সঙ্গে খেলেছি এবং নেপথ্যে যে মানুষগুলি রয়েছে তাঁদের সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য। এখন সময় এসেছে একজন নতুন অধিনায়ক বেছে নেওয়ার। যিনি পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবেন এবং কাপ জিতবেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার এই যাত্রায় সাহায্য এবং সমর্থন জুগিয়েছেন।” গত বছর প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এবার ঘরের মাটিতে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে নামবে অজিরা। আন্তর্জাতিক পর্যায়ে ফিঞ্চের শেষ বিশ্বকাপ হয়তো এটাই।
হাঁটুর চোট বেগ দিচ্ছে বহুদিন ধরে। একইসঙ্গে রয়েছে কাঁধের সমস্যা। ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ খেলার ইচ্ছে থাকলেও জিম্বাবোয়ে সিরিজের আগে নিজের সিদ্ধান্ত নিয়ে ভাবতে বসেন। বুঝতে পেরেছিলেন, আগামী বছরের বিশ্বকাপ তাঁর নাগালের বাইরে যাচ্ছে। জিম্বাবোয়ের মতো দলের বিরুদ্ধে অজি অধিনায়ক করেন ১৬ রান। ফিঞ্চের সরে দাঁড়ানোর অর্থ হল, আগামী বছর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে অস্ট্রেলিয়া। ফিঞ্চের পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে জল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, সহ-অধিনায়ক অ্যালেক্স কারি দায়িত্ব নিতে পারেন।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মেলবোর্নে অভিষেক হয়েছিল অ্যারন ফিঞ্চের। সেই বছরের শেষদিকে স্কটল্যান্ডের বিরুদ্ধে করেন প্রথম সেঞ্চুরি। পাকিস্তানের বিরুদ্ধে শারজায় খেলেছিলেন কেরিয়ারের সেরা অপরাজিত ১৫৩ রান। সেটা ২০১৯ সালে। পাকিস্তানের বিরুদ্ধে ফিঞ্চের রেকর্ড অত্যন্ত ভালো।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম