এশিয়া কাপের আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে ব্যাকফুটে রয়েছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচে হারলেই এশিয়া কাপ থেকে বাদ পড়াটা প্রায় নিশ্চিত হয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে সেরা দল হয়েই সুপার ফোরের টিকিট পায় ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও হংকংকে হারিয়েছিলো রোহিত শর্মার দল। তবে সুপার ফোরের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে হেরে বসে এশিয়া কাপের সাতবারের চ্যাম্পিয়নরা।
এবার দ্বিতীয় ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের উদ্দেশে মাঠে নামবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে পরিসংখ্যানে দুই দলের মধ্যে এগিয়ে আছে ভারত।
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত ও শ্রীলঙ্কার এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারতের ১৪ জয়ের বিপরীতে সাত ম্যাচে জয় পেয়েছে লঙ্কানরা। এর মধ্যে পরিত্যক্ত হয় একটি। তবে সর্বশেষ সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।
এ ছাড়া টি-টোয়েন্টিতে সবশেষ পাঁচ ম্যাচ হিসেবে এগিয়ে রয়েছে ভারত। শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ৫ ম্যাচের মধ্যে জয় পেয়েছে তিনটিতে, অন্যদিকে ভারত ৫ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে।
এদিকে শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া তাদের সর্বশেষ ম্যাচের একাদশই আজ রাখার কথা। ভারত একাদশে আনতে পারে বেশ কয়েকটি পরিবর্তন।
পাকিস্তানের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘পরের ম্যাচেই দল ঘুড়ে দাঁড়াবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। শেষ দুই ম্যাচের দারুণ দুটি পেয়েছে তারা। আমাদের এ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা।’
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো ও দিলশান মধুশঙ্কা।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, দীনেশ কার্তিক/রিশভ পান্ট (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, অর্শদীপ সিং ও ইউজবেন্দ্র চাহাল।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম