বিরাট কোহলির ব্যাটে রান নেই । ২০১৯ সালে সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন । একসময় অপেক্ষা বাড়ছিল সেঞ্চুরিখরা কাটানোর, এরপর ক্রিজে টিকে থাকাটাও যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফর্মহীন কোহলির জন্য।
চলতি ইংল্যান্ড সফরেও ব্যাটে রান নেই কোহলির । টেষ্টে প্রথম ইনিংসে তিনি করেন ১১ রান, দ্বিতীয় ইনিংসে ২০। প্রথম টি-টোয়েন্টিতে বিশ্রাম নিয়ে দ্বিতীয় ম্যাচে নেমে করেন মাত্র এক রান। শেষ টি-টোয়েন্টিতে করেন ১১ রান।কোহলির এমন ফর্মহীনতার মধ্যেই গুঞ্জন উঠছে তাকে বাদ দেয়ার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার জায়গা অনিশ্চিত বলেও মনে করছেন অনেকে।
এদিকে, বৃহস্পতিবার (১৪ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে নাম নেই কোহলির। যদিও বোর্ড তাকে বিশ্রাম দেয়ার কথা বলেছে। কোহলিও নাকি আগেই তাকে বিশ্রাম দেয়ার কথা বোর্ডকে জানিয়ে রেখেছিলেন। কোহলি ছাড়াও স্কোয়াডে নেই দলের সেরা বোলার জসপ্রিত বুমরাহও। ধারণা করা হচ্ছে, তাকেও বিশ্রাম দেয়া হয়েছে।
এর আগে চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল কোহলিকে। সদ্যসমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও বিশ্রাম দেয়া হয়েছিল তাকে। এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম এক দিনের ম্যাচে চোট থাকায় খেলতে পারেননি। দ্বিতীয় এক দিনের ম্যাচে বৃহস্পতিবার খেলতে নামবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
চমকপ্রদ খবর হচ্ছে, দীর্ঘদিন পর দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে অশ্বিনকে আরেকবার পরখ করে নিতে চাইছে বোর্ড।
অশ্বিন ছাড়াও চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-২০ সিরিজে ফিরছেন লোকেশ রাহুল ও কুলদীপ যাদব। যদিও দুজনের ক্যারিবিয়ান সফরে উড়ে যাওয়া নির্ভর করছে ফিটনেস টেস্টে পাশ করার ওপর।
ভারতের টি-২০ স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, রিশভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্ষাল প্যাটেল, অর্শদীপ সিং।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম