টাইগার ভক্তরা অ্যান্টিগা টেস্টের প্রথম দু’দিন টিভিতে খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছেন তার কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট সিরিজের স্বত্ব নিতে পারেনি কোন বাংলাদেশি সম্প্রচার মাধ্যম। ফলে দেখানো হয়নি কোনো টিভি চ্যানেলে।
এমনকি অনলাইনেও খেলা দেখার নির্ভরযোগ্য ব্যবস্থা ছিল না। তবে টেস্টের তৃতীয় দিন ওই সমস্যার সমাধান হলো। টেস্ট সম্প্রচারে এগিয়ে এসেছে বিসিবি। বোর্ডের নিজস্ব ফেসবুক পেজ ‘বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার্সে’ সরাসরি সম্প্রচার করা হচ্ছে ম্যাচটি।
এর আগে টিভিতে দেখা না গেলেও ম্যাচটি দেখা যাচ্ছিল আইসিসি টিভিতে। তবে সেজন্য আন্তর্জাতিক ব্যাংক কার্ড থেকে দুই টেস্টের জন্য দুই ডলার পরিশোধ করতে হচ্ছিল। এবার ফ্রিতে টেস্ট দেখার সুযোগ মিলেছে।
তবে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়ে প্রথম টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ নেই। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৬৫ রান করে লিড নেয় ১৬২ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৫০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আর একটি উইকেট হারিয়ে অর্থাৎ ৩০ ওভারে তিন উইকেট গচ্ছায় বাংলাদেশের অর্জন ৬৫ রান।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম