ব্রাজিলের দেয়া ৭ গোল হজম করতে হলো উরুগুয়েকে। গোলের পর গোল যেন আর ডানা মেলে উড়তে দেয়নি উরুগুয়েকে। রোববার (১২ জুন) রাতে সেলেসাওরা দক্ষিণ আমেরিকান প্রতিদ্বন্দ্বীকে ৭-০ গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-২০ টরনেইয়ো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে।
ঘরের মাঠ কারাসিকায় এস্তাদিও ক্লেবের আন্দ্রাদে স্টেডিয়ামে ব্রাজিলের পক্ষে সাত গোলের মধ্যে একটি করে গোল করেন ভিতর রক, কাইকি আর জাদের। বাকি চার গোল মার্কোস লিওনান্দ্রো একাই করেন।
ব্রাজিলের এই সাফল্য এসেছে একদম অপরাজিত থেকেই। তিন ম্যাচে তারা জিতেছে তিনটিই। প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৬ বার, গোল হজম করেছে মাত্র ৩টি।
ম্যাচের ১২ মিনিটের মাথায়ই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। সাইওর শট একটুর জন্য জাল পায়নি। অন্যদিকে এন্ডারসন দোয়ার্তের দারুণ এক শট ঠেকিয়ে ব্রাজিলকে বাঁচান গোলরক্ষক।
ওই পর্যন্তই! তারপর থেকে খেলেছে শুধু ব্রাজিল। অন্যদিকে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিলো না উরুগুয়ের কাছে। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকে সেলেসাওরা। শুধু তাই নয়, সেই খলা শেষ পর্যন্ত ধরে রেখে দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল দিয়ে মোট সাত গোল পূর্ণ করে ব্রাজিল।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম