নাজমুল হাসান পাপন ২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির চেয়ারে প্রথমবারের মতো বসেছিলেন। এরপর গুনে গুনে দশটি বছর কেটে গেছে। এর মধ্যে তিন দফা দায়িত্ব সামলিয়ে এখন চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন তিনি। তবে একটা সময়তো থামতে হবেই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাপনের পর কে হাল ধরবেন ? প্রায়শই উচ্চারিত হচ্ছে এমন প্রশ্ন।অনেকের মতে, সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা পাপনের উত্তরসূরী হতে পারেন। বিসিবি সভাপতিও কী এমনটাই মনে করেন? এমনটাই জানতে চাওয়া হয়েছিল সম্প্রতি তার কাছে।
নাজমুল হাসান পাপন পরবর্তী প্রেসিডেন্ট পদে মাশরাফীর সম্ভাবনা নিয়ে একটি বেসরকারী টেলিভিশনের সঙ্গে আলাপনে বলেন, ‘প্রথমত আমার যথেস্ট সন্দেহ রয়েছে মাশরাফীর এ পদে আগ্রহ আছে কি না তা নিয়ে।
দ্বিতীয় বিষয় হচ্ছে, এখন বেশ কমপ্লিকেটেড (জটিল) বোর্ড প্রেসিডেন্ট পদটা। এখানে এখন প্রচুর প্রেশার (চাপ)। সুতরাং, এটা নিয়ে আমার সন্দেহ আছে সে এটা নেবে কি না।
নাজমুল হাসান পাপন বলেন, ‘অনেকেই আমার কাছে এসে অনুরোধ করে যে, ডিরেক্টর হতে চায় তারা। কিন্তু এটা কি এত সহজ! প্রথমে আপনাকে কাউন্সিলর হতে হবে। সম্পৃক্ত থাকতে হবে খেলা রিলেটেড যে কোনো কিছুর সঙ্গে। একটা ক্লাব চালাতে হবে।
তবে মাশরাফী নিশ্চিতভাবেই জিতে যাবে ডিরেক্টর পদে নির্বাচনে দাঁড়ালে। কিন্তু এরপর প্রেসিডেন্ট হতে পারবে কি না এটা সিউর না। পাপন বলেন, আমার কাছে মনে হয় মাশরাফী রাজনীতিতে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। এর বাইরে এত সময় কোথায় পাবে ক্রিকেট নিয়ে?
পাপনের একটা ইচ্ছা ছিল মাশরাফীকে নিয়ে। সেই প্রসঙ্গও উঠে এসেছে আলাপনে। পাপন বলেন, ‘আমার একটা ইচ্ছা ছিল ও ক্রিকেট ছাড়ার পর তাকে দলের ম্যানেজার বানিয়ে দেবো। কিন্তু মাশরাফী তো এমপি হয়ে গেছে। একজন এমপিকে ম্যানেজার বানাবো কিভাবে।