দারুণ একটি সুযোগ এসেছে বাংলাদেশ নারী হকি দলের সামনে। বাংলাদেশ হকি ফেডারেশন চাইলেই নারী দলকে খেলাতে পারে এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্টে।
জুনে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এই বাছাইপর্বে খেলার জন্য বাংলাদেশ হকি ফেডারেশনকে আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান হকি ফেডারেশন।
বাংলাদেশ হকি ফেডারেশন পুরুষ দলের পাশাপাশি নারী দলকেও এশিয়ান গেমেসে প্রেরণের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) অনুরোধ করেছিল। তবে বিওএ শুধু ছেলেদের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বাছাইপর্ব থেকে ৬ দল পাবে এশিয়ান গেমসের টিকিট। আর সরাসরি খেলবে চীন, ভারত, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড। বাংলাদেশ হকি ফেডারেশন এই সুযোগটি নিতেও পারে কারণ, অংশগ্রহণ খরচের একটা অংশ বহন করবে এশিয়ান হকি ফেডারেশন।
এশিয়ার সবচেয়ে বড় এই সংগঠনটি বাংলাদেশকে ১০টি এয়ার টিকিট অথবা ১০ হাজার মার্কিন ডলার দেবে এই বাছাইয়ে অংশগ্রহণের জন্য। আর ২৫ জনকে হোটেলে রাখার ব্যবস্থাও করবে।
২০১৯ সালের ৯ থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএইচএফ কাপে অংশ নেওয়ার পর বাংলাদেশ নারী হকি দল আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। ফেডারেশনের বর্তমান কমিটি দায়িত্ব নিয়ে নারী হকির ওপর বেশ গুরুত্ব দিয়েছিল। সিঙ্গাপুরে পাঠিয়ে, ভারত থেকে দল এনে ম্যাচ খেলিয়ে নারী হকি খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়ানোর উদ্যোগ নিয়েছিল ফেডারেশন।
বাংলাদেশ হকি ফেডারেশন ও ক্রীড়া পরিদপ্তর নারী হকি নিয়ে নানা উদ্যোগ নেওয়ার পর বিকেএসপিও নারী হকি দলের বিভাগ খুলেছে ২০২০-২১ থেকে। সেখানে জাতীয় নারী দলের দুই খেলোয়াড়ও ভর্তি হয়েছেন।
যারা বয়সের কারণে ভর্তি হতে পারেননি তাদের এবং ভর্তির বয়স পার হওয়া আরো কিছু খেলোয়াড় নিয়ে একটি বিশেষ প্রজেক্টের আওতায় ৬ মাসের জন্য ট্রেনিং কোর্স করাচ্ছে বিকেএসপি। বিকেএসপিও হয়তো চাইবে তাদের মেয়েরা আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাক।
হকি ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে, এশিয়ান গেমসের বাছাইয়ে অংশ নিলে বাংলাদেশের মেয়েরা বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবে। যদি শীর্ষ ৬ দলের মধ্যে থেকে কোয়ালিফাই করতে পারে, তখন বিওএকে পূনরায় অনুরোধ করতে পারবে নারী দলকে এশিয়ান গেমসে পাঠাতে। শেষ পর্যন্ত বিওএ না পাঠালেও মেয়েদের বেশ কয়েকটি ম্যাচ খেলার অভিজ্ঞতা ঠিকই হবে।
বাংলাদেশ হকি ফেডারেশন আমন্ত্রণ পেলেও অংশগ্রহণের সম্মতি এখনও দেয়নি। এ নিয়ে ফেডারেশন কর্মকর্তাদের দুই ধরনের মতামত আছে।
বাংলাদেশ যদি কোয়ালিফাই করে এবং বিওএ মেয়েদের দল গেমসে না পাঠায় সেক্ষেত্রে অংশ না নেওয়া নিয়ে এশিয়ান অলিম্পিক কমিটি ও গেমসের আয়োজকরা কোনো ঝামেলা করে কিনা, সেই আশঙ্কাও করছেন অনেকে।
যদিও ফেডারেশনের মধ্যে এশিয়ান গেমস বাছাইয়ে খেলার পক্ষেই মত বেশি। তাই ফেডারেশন বিওএকে অনুরোধ করে আবার চিঠি দিতে পারে বলেও শোনা যাচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/একে/আরএএম