জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শেখ কামাল স্মৃতি টুর্নামেন্ট-২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে শহীদ রফিক একাদশ।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে আয়োজিত ফাইনাল ম্যাচে শহীদ বরকত একাদশকে ১ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ রফিক একাদশ।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শহীদ রফিক একাদশ। দলটির নেতৃত্বে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী।
রফিক একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত গ্ৰহণ করে। রফিক একাদশ নির্ধারিত ১০ ওভারে ৭৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি টুটুল আহমেদ।
প্রতিপক্ষের ৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শহীদ বরকত একাদশের ব্যাটাররা জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত ৭৩ রানে থামে তাদের ইনিংস। এতে ১ রানের জয় পায় শহীদ রফিক একাদশ। বরকত একাদশের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন মাহিমুর রহমান বিজয়।
ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, সহকারী প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
এসময় জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী বলেন, প্রথমবারের মতো নেতাকর্মীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল স্মৃতি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা ইতিবাচক পরিবর্তন ও সবার মধ্যে দূরত্ব কমাতে এই টুর্নামেন্টে আয়োজন করেছি।
সমার্থক শিক্ষার্থীরা জানান, শেখ কামাল স্মৃতি টুর্নামেন্টের আয়োজন উপলক্ষে ক্যাম্পাসে এক উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। জবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের এ রকম আয়োজনে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীদের দাবি প্রতি বছর এ রকম টুর্নামেন্টের আয়োজন করা হোক।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল নেতাকর্মীদের জন্য শহীদ শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম