চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে চেলসির বিপক্ষে সেই নাটকীয় ম্যাচের রেশ কাটতে না কাটতেই আরও একটা রোমাঞ্চকর ম্যাচ উপহার দিল রিয়াল মাদ্রিদ। এবার লা লিগায় তাদের প্রতিপক্ষ সেভিয়া।
২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া রিয়াল প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছে ৩-২ ব্যবধানে! যোগ হওয়া সময়ে গোল করে আরও একবার রিয়াল মাদ্রিদের নায়ক দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা।
এ জয়ে ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান আরও শক্ত করেছে রিয়াল। হেরে তিন নম্বরে নেমে গেছে সেভিয়া, রিয়ালের সমান ম্যাচ খেলে এখন তাদের পয়েন্ট ৬০। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।
র্যামন সানচেজ স্টেডিয়ামে প্রথমার্ধটা দেখে মনে হচ্ছিল, বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজের চাওয়া তাহলে কিছুটা হলেও পূরণ করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ! এই মৌসুমে বার্সার আর শিরোপা জেতার আশা আছে কি না, এমন প্রশ্নে জাভি গত সপ্তাহেই বলেছিলেন, ‘আমাদের এখন রিয়ালের পয়েন্ট হারানোর অপেক্ষায় থাকতে হবে। দেখা যাক সুযোগ আসে কি না।’
বিরতির আগে যেন রিয়াল বার্সাকে সেই সুযোগ দিতেই খেলল। কিংবা গত বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে চেলসির বিপক্ষে সেই স্নায়ুক্ষয়ী ম্যাচের রেশ কাটিয়ে আড়মোড়া ভাঙতে একটু সময় নিল। ততক্ষণে দুই গোল করে ম্যাচের লাগাম হাতে নিয়ে গেছে সেভিয়া। দুটোই অবশ্য রিয়াল মাদ্রিদের রক্ষণের ভুলে।
নিজেদের বক্সে লুকা মদরিচ ফাউল করে বসেন প্রতিপক্ষ মিডফিল্ডার পাপু গোমেজকে। ফ্রি-কিক পায় সেভিয়া। ইভান রাকিতিচ শট নেওয়ার আগেই লাফাতে গিয়ে রক্ষন-দেয়াল ভেঙ্গে ফেলেন রিয়ালের খেলোয়াড়েরা। সেই ফাঁকা জায়গা দিয়েই বল গেছে রিয়ালের জালে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম