ব্রাইটনের মাঠে যাওয়ার আগে ম্যাচের চেয়ে সালাহর চুক্তি নিয়েই বেশি আলোচনা হয়েছে। লিভারপুলের সঙ্গে ২০২৩ পর্যন্ত চুক্তি আছে মিসরীয় ফরোয়ার্ডের। তবে এই সম্পর্ক আরও দীর্ঘ করতে চায় ক্লাব। সালাহও যে এর ব্যতিক্রম চান তা নয়। তবে তার চাহিদা পূরণ করতে চাইছে না ইংলিশ ক্লাব লিভারপুল। আবারও নতুন প্রস্তাব দিয়েছিল লিভারপুল। কিন্তু সেটা মনঃপূত না হওয়ায় চুক্তি নবায়নে রাজি হননি দলের মূল তারকা।
চুক্তি নিয়ে মনোমালিন্য চলমান থাকলেও ম্যাচ পারফরম্যান্সে প্রভাব ফেলতে দেননি সালাহ। ব্রাইটনের বিপক্ষে আজ ঠিকই গোল করেছেন তিনি। সেই সঙ্গে লুইজ দিয়াজের গোলে ব্রাইটনকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রতিযোগিতায় টিকে রইল লিভারপুল।
আজ ১৯ মিনিটে দিয়াজের গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের ৬০ মিনিটে বিসুমার হাতে বল লাগায় পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি থেকে লিগে নিজের ২০তম গোল পেয়ে গেছেন সালাহ। ৬৫ মিনিটে মাঠ ছেড়ে উঠে যান সালাহ। প্রথমে ভাবা হয়েছিল, বিশ্রাম দেওয়া হচ্ছে তাকে। পরে জানা গেছে, হালকা চোট পেয়েছেন সালাহ। আর্সেনালের বিপক্ষে তাকে পাওয়া যাবে কি না, এ নিয়ে তাই শঙ্কা জেগেছে।
ম্যাচের আগে গতকালও সালাহকে নিয়ে কথা বলতে হয়েছে কোচ ইয়ুর্গেন ক্লপকে। সংবাদ সম্মেলনে ক্লপ বলেছেন, সালাহ চাইছে ক্লাব আরও উচ্চাভিলাষী হোক। আমরা এর বেশি আর কিছু করতে পারি না। এটা ওর সিদ্ধান্ত। আমার দৃষ্টিকোণ থেকে সবকিছু ঠিক আছে। আর নতুন কিছুই হয়নি, চুক্তি স্বাক্ষর হয়নি, প্রত্যাখ্যানও হয়নি। আমাদেরকে শুধু তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। কোনো তাড়াহুড়া নেই।
ক্লপের মন্তব্যের প্রতিক্রিয়ায় টুইটারে সাতটি হাসির ইমোজি পোস্ট করেন সালাহর এজেন্ট রেমি আব্বাস ইসা। আব্বাস জানিয়েছেন, সালাহর ইচ্ছা অ্যানফিল্ডেই থাকার। তবে ডিসেম্বরে প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আর কোনো আলোচনা হয়নি।
লিভারপুলের চোখে ডিসেম্বরে দেওয়া প্রস্তাব বেশ ভালো প্রস্তাব। তবে লিভারপুলে সাড়ে চার বছরে ১৫০ গোল করে ফেলা সালাহ এ নিয়ে তেমনটা ভাবেন না। ৩০ ছুঁতে যাওয়া সালাহ নিজের সম্ভাব্য শেষ বড় চুক্তিতে বেতন–ভাতা আরও বেশি চাইছেন। প্রিমিয়ার লিগের অন্য শীর্ষ ফুটবলারদের সমান বেতন দাবি করছেন তিনি। কিন্তু লিভারপুল এত বেশি বেতন দিতে রাজি নয়। এ ব্যাপারে জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপ খেলতে গিয়ে সালাহ বলেছিলেন, আমি কী চাই, তা তারা জানে। এটা তাদের হাতে। অতিরিক্ত কোনো কিছু দাবি করছি না আমি।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএ