নিজের জন্মভূমিতে ফেরাটা রাজকীয় করে রাখলেন অস্ট্রেলিয়ার পাকিস্তানি বংশোদ্ভূত ওপেনার উসমান খাজা। পরপর দুই ম্যাচে তার ব্যাট থেকে এলো ঝকঝকে দুই ইনিংস। রাওয়ালপিন্ডিতে ৯৭ রানে আউট হলেও, করাচিতে ঠিকই তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি।
প্রায় দুই বছর বিরতি দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরার পর ছয় ইনিংসে এ নিয়ে তৃতীয় সেঞ্চুরি করলেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জন্ম নেওয়া খাজা। তার ব্যাটে চড়েই করাচি টেস্টের প্রথম দিনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে অস্ট্রেলিয়া।
ম্যাচের প্রথম দিন শেষে পুরো অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২৫১ রান। সারাদিন ব্যাটিং করে ১২৭ রানে অপরাজিত আছেন খাজা। এছাড়া স্টিভ স্মিথ খেলেছেন ৭২ রানের ইনিংস।
রাওয়ালপিন্ডিতে ম্যাড়ম্যাড়ে ড্রয়ের পর করাচিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। পরে সারাদিন ধরে এ সিদ্ধান্তে যথার্থতাই প্রমাণ করেছেন অসি ব্যাটাররা। সেঞ্চুরি পেয়েছেন খাজা, ফিফটি পেরিয়েছেন স্টিভেন স্মিথ।
টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে অনেকটা ওয়ানডে স্টাইলেই রান তুলতে থাকেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। এ দুজনের জুটিতে আসে ১৮ ওভারে ৮২ রান। ফাহিম আশরাফের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ৪৮ বলে ৩৬ রান করেন ওয়ার্নার।
এরপর দূর্ভাগ্যজনক রানআউটে কাটা পড়েন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার মার্নাস লাবুশেন। মিড অফ থেকে সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে লাবুশেনের বিদায়ঘণ্টা বাজান সাজিদ খান। সাজঘরে ফেরার আগে ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি লাবুশেন।
অল্প সময়ের মধ্যে দুই উইকেট হারালেও বিপদ সামাল দেন স্মিথ ও খাজা। এ দুজন মিলে গড়েন ৬৭.৫ ওভারে ১৫৯ রানের জুটি। দিনের খেলা শেষ হওয়ার সাত বল আগে ফাহিম আশরাফে দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন ২১৪ বলে ৭২ রান করা স্মিথ।
তবে নিজের উইকেট বাঁচিয়ে রেখেই দিন পার করেছেন সেঞ্চুরিয়ান খাজা। দিন শেষে তার ব্যাট থেকেই এসেছে দলের অর্ধেকের বেশি রান। তিনি ২৬৬ বল খেলে ১৩ চার ও ১ ছয়ের মারে করেছেন ১২৭ রান। নাইটওয়াচম্যান হিসেবে নেমে ৬ বল খেলেছেন নাথান লিয়ন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম