ঠাকুরগাঁওয়ে জাবেদ ইসলামের (২৮) হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১৫ মার্চ) ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কের কালিতলা নামক স্থানে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক থেকে সড়ে যায়।
নিহত যাবেদ সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কালিতলা সরকারপাড়া মহল্লার বাসিন্দা।
এলাকাবাসী জানায়, পুলিশ সঠিক তদন্ত ও দোষিদের বিচারের বিষয়ে গড়িমসি করার চেষ্টা করছে। তারা এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে। আমরা এর সঠিক বিচার চাই।
জাবেদের বাবা নুর ইসলাম জানান, গত রোববার (৬ মার্চ) খেলাধুলার সময় ২ শিশুর মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় পার্শ্ববর্তী কাজিবস্তি গ্রামের রনি ও তার স্ত্রী মামুনি বেশ কয়েকজনকে নিয়ে জাবেদ ইসলামকে মারধর করে গুরুতর জখম করে। এ সময় মামুনি জাবেদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। আহত অবস্থায় জাবেদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে জাবেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, জাবেদের মৃত্যু নিশ্চিত হতেই আমরা দুইজনকে গ্রেফতার করেছি। একইসাথে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি গ্রহণ করেছি। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে একটি হত্যা মামলা করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম