নির্জন একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের সিলিংয়ের উপরে বাসা তৈরি করেছিল বনবিড়ালটি। ওখানে চার চারটি ছানারও জন্ম হয়। ওদিকে লোকজনের আনাগোনা কম থাকায় বেশ নিরাপদেই তাদের সময় কাটছিল। কিন্তু ছানাপোনা বলে কথা। তাদের দুষ্টুমি বিপদগ্রস্ত করে ফেলে পুরো পরিবারকেই। মানুষের নজরে পড়ে যায় তাদের সংসার, উপস্থিতি। মানুষ বাঘ ভেবে চিৎকার করে। ছানাগুলো ধরা পড়ে যায়। এরপর স্থানীয় লোকজন বাঘের বাচ্চা পাওয়ার খবর দেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে। ঘটনাস্থলে তাদের লোকজন ছুটে গিয়ে নিশ্চিত হন, এগুলো বাঘের বাচ্চা না। বনবিড়ালের ছানা। বনবিড়ালের ছানা পাওয়ার ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের বরুণার হাজি মোহাম্মদীয়া লতিফীয়া দাখিল মাদ্রাসায়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা ভবনের নির্জন স্থানটিতে সিলিংয়ের উপরে বাসা তৈরি করে বনবিড়ালটি বাচ্চা দিয়েছে। ওদিকে লোকজনের যাওয়া-আসা কম থাকায় কারো চোখে পড়েনি। বনবিড়ালের ছানারাও শিকার ধরার মতো আরও একটু বড় হলে সবার চোখের আড়ালে বন-ঝোপে চলেও যেত। ঝামেলা বাঁধালো একটি ছানা। ছোটাছুটি করতে গিয়ে একটি ছানা নিচে পড়ে যায়। আর তখনই চোখে পড়ে ছানাটি। লোকজন বাঘ বলে চিৎকার করেন। মানুষের ভিড়ে হকচকিয়ে অবোধ চোখ মেলে তাকিয়ে তখন চারটি বাচ্চাই। বনবিড়ালের বাচ্চাগুলো মানুষের হাতে আটকা পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন বাঘের বাচ্চা পাওয়ার কথা জানান বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে। ওইদিনই (গত বৃহস্পতিবার) তাদের (বন্যপ্রাণী বিভাগ) লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তারা নিশ্চিত হন এগুলো বাঘের বাচ্চা না। এগুলো বনবিড়ালের বাচ্চা।
এদিকে মানুষের উপস্থিতি টের পেয়ে মা বনবিড়ালটি তখন আশপাশের ঝোপঝাড়ে গা-ঢাকা দিয়েছে। এসময় উদ্ধার হওয়া বাচ্চাগুলোকে লালনপালন করে বনে ছাড়া হবে, নাকি কোনোভাবে তাদের মায়ের কাছে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে। এ নিয়ে চিন্তাভাবনা চলে। এক্ষেত্রে সিদ্ধান্ত হয় বাচ্চাগুলোকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার। সিদ্ধান্ত অনুযায়ী যেখানে বাচ্চাগুলো ছিল, সেখানে রেখে দিয়ে চলে অপেক্ষার পালা। দেখা যায় সন্ধ্যার পর মা বনবিড়ালটি চুপিসারে এসে একটি একটি করে তিনটি বাচ্চাকে নিয়ে গেছে। রাত ঘনিয়ে যাওয়ার পরও একটি বাচ্চা থেকে যায়। বাচ্চাটিকে নিবে কিনা, এ নিয়ে সন্দেহ তৈরি হয়। কিন্তু পরদিন শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গিয়ে দেখা গেছে, রাতে রেখে আসা বাচ্চাটিও নেই। শেষরাতের দিকে বনবিড়ালটি রেখে যাওয়া ছানাটিকে নিয়ে গেছে। এভাবেই প্রকৃতিতে মায়ের কাছে ফিরে গেছে বিলুপ্তপ্রায় বনবিড়ালের চারটি ছানাই।
বন্যপ্রাণী গবেষকদের সূত্রে জানা গেছে, বনবিড়াল একসাথে তিন থেকে পাঁচটি বাচ্চা দিয়ে থাকে। বাচ্চারা এক বছরে বয়ঃপ্রাপ্ত হয়। ধূসর-বাদামি রঙের এই বনবিড়াল আকারে-গড়নে ও চলাফেরার ধরনে অনেকটাই পোষা বিড়ালের মতো। তবে এদের পাগুলো সরু। শরীরের গঠন লম্বাটে-ছিপছিপে ধরনের। কানগুলো বড় ও খাড়া, কানের আগার পেছন দিকটা কালো। লেজের আগার দিকটাও কালো। এরা ইঁদুর, ব্যাঙ, পাখি, পাখির ডিম ও ছানা ইত্যাদি খেয়ে থাকে। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ধান কাটা শেষ হয়ে গেছে। বাড়িঘরেও ঝোপঝাড় কমে গেছে। যে কারণে বনবিড়ালটি বাড়িঘর থেকে ফাঁকা মাদ্রাসা ভবনের সিলিংয়ের উপর বাসা করে বাচ্চা দিয়েছে। একটি ছানা নিচে পড়ে যাওয়ায় লোকজনের চোখে পড়ে। আমাদের কাছে ফোন আসে বাঘের বাচ্চা পাওয়া গেছে। এরপরই সেখানে লোক পাঠিয়েছি।’ তিনি আরো বলেন, ‘ছানাগুলোকে টিনের দুধ খাওয়ানোর চেয়ে ওদের মায়ের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিই। যেখানে ছানাগুলো ছিল, সেখানেই রাখা হলে ওইদিনই সন্ধ্যার পর আমাদের লোকজনের উপস্থিতিতে তিনটি ছানা নিয়ে গেছে মা। একটি নিয়েছে রাতের কোনো এক সময়। প্রকৃতিতে, মায়ের কাছেই ওরা ভালো থাকবে।’