রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আতাউর রহমান শামীম নিহত হয়েছেন। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী সাইফুর রহমান রাজন।
তিনি বলেন, ঘটনার সময় ওই বিল্ডিংয়ের একটি রেস্টুরেন্টে ছিলেন আতাউর রহমান শামীম। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বের হতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি। তার দাফন হবে কুলাউড়ায়।
নিহত আতাউর রহমান শামীমের গ্রামের বাড়ি কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নে। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ছিলেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৪০ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম