ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি পলাতক ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কবিরকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
হাদীকে গুলির পরই ‘কবির’ ফতুল্লায় এক স্বজনের বাসায় পালিয়ে ছিলেন। সোমবার রাতে ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় অভিযান চালিয়ে কবিরকে গ্রেপ্তার করে র্যাব।
কবির পটুয়াখালী সদরের টিটকাটা এলাকার ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের আশ্বিনানগর এলাকায় বসবাস করেন।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে।
ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। মাথায় গুলিবিদ্ধ হাদির অবস্থা বর্তমানে খুবই আশঙ্কাজনক। সোমবার উন্নত চিকিৎসার জন্য হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
গত রবিবার মধ্যরাতে ফয়সালকে আসামি করে পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের যুগ্ম সচিব আব্দুল্লাহ আল জাবের। মামলায় ফয়সাল করিমের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এদিকে, হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম