বাংলাদেশ শিল্পকলা একাডেমির গত দুই অর্থবছরের বাজেট ও ব্যয়সংক্রান্ত যাবতীয় নথিপত্র চেয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৫ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম এই চিঠি পাঠান। দুদকের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নোটিশে ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে শিল্পকলা একাডেমি ঢাকার বরাদ্দকৃত বাজেট ও ব্যয়সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি। ২০২০-২১ অর্থবছরে অব্যয়িত ৩৫ কোটি টাকা, ২০২১ সালের ৩০ জুনে ব্যয়করণ-সংক্রান্ত রেকর্ডপত্র, ২০২০-২১ অর্থবছরে ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত রেকর্ডপত্র সংবলিত নথির ফটোকপি, ২০১৯-২০২০ অর্থবছর থেকে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত ব্যয়সংক্রান্ত বিভিন্ন ভাউচার-ক্যাশ বই এবং শিল্পকলা একাডেমি নামীয় সোনালী ব্যাংক (সেগুনবাগিচা শাখা) অ্যাকাউন্টের স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে।
গত ২ জানুয়ারি শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সে জন্য দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে একটি টিম গঠন করা হয়।
লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ নেওয়া, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।