কে নাগরিক কে নাগরিক নয়
রাজু আহমেদ মামুন
DhakaReport24.com || 2019-10-15 19:02:00
সম্প্রতি ভারতীয় ইউনিয়ন রাষ্ট্রের বাঙালি অধ্যুষিত প্রদেশে প্রদেশে চলছে- এনআরসি কাণ্ড। কে নাগরিক কে নাগরিক নয়। এর স্পষ্ট লক্ষ্য এবং শিকার যে বাঙালি তাতে কোন সন্দেহ নেই। রীতিমতো সে দেশে 'বাংলাদেশ' এবং 'বাংলাদেশী' শব্দ দুটো প্রায় ভয়ঙ্কর অপমানজনক শব্দে পরিণত হয়েছে। মজার ব্যাপার হলো ভারত সরকার বাংলাদেশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাসম্পন্ন বন্ধু বলে প্রচারও করে। প্রতিবেশী রাষ্ট্রের এই বাঙালি খেদানোর উৎসব বা এনআরসি এখন প্রতিদিনের দুসংবাদ।
সাম্প্রতিক সময়ে হিন্দু সাম্প্রদায়ীকতার চিল ভারতীয় বাঙালিদের মাথার উপরে ফেলছে কালো ছায়া। ফলে ঝাড়খণ্ড-ছত্রিশগড় থেকে আসাম মনিপুর অব্ধি সমগ্র বাংলা বলয়ের বাঙালিরা মুরগীর ছানার মতো যেন ঘাসের মধ্যে মুখগুজে আত্মরক্ষায় ব্যস্ত। ঐক্যহীন, আত্মশক্তিহীন, পলায়নপর এক জনগোষ্ঠি। যেন ভারত রাষ্ট্রে তাদের কোন অধিকার নেই, চুরি করে আছে। অথচ তারা আছে নিজভূমে, বাঙালিদেরই এলাকায়। ভারত রাষ্ট্রটির জন্ম ১৯৪৭ সালে। এমন কি পাকিস্তান নামক রাষ্ট্রটিরও একদিনের ছোটভাই। কিন্তু এই ভূমি তো ৪৭ সালে রচনা হয়নি! এই মানুষ, মানুষের পূর্ব পুরুষ, ভূমিপুত্ররাতো ৪৭ সালেই এ অঞ্চলের বাসিন্দা হয়নি! তবে কোন বোধে পলায়নপর, আত্মহারা, বিপথগামী হচ্ছে এরা?
ইতোমধ্যেই ভারতীয় বাংলাদেশের প্রায় শ’খানিক মানুষ আত্মহত্যা করেছে- এনআরসির ভয়ে।
কেন এমনটা হচ্ছে? কেন বাঙালি হিন্দুদের মধ্যে সংক্রামিত হচ্ছে আত্মহত্যার প্রবণতা? অথচ নৃ-বিজ্ঞান এবং জেনেটিক সাইন্সের সাক্ষ্য প্রমাণ মতে বাঙালি হিন্দু এবং মুসলমানতো একই জনগোষ্ঠীর লোক, একই রক্তের একই পূর্বপুরুষের বংশধর। তবে কেন এরা মরে যাচ্ছে ভয়ের-ভয়ে!