মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল


DhakaReport24.com || 2026-08-12
‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে তাদের হলের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ মঙ্গলবার রাতে বিষয়টি জানিয়ে তার ফেসবুকে পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা)’ অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হল থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাদের তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘আমরা অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করেছি।’

যোগাযোগ করা হলে অভিযোগ ওঠা এক শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে তিনি বর্তমানে ‘ট্রমার’ মধ্যে আছেন। এ বিষয়ে কথা বলতে তিনি ইচ্ছুক নন।

অভিযোগ ওঠা আরেক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

এর আগে গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ ছাড়া সম্প্রতি শহীদুল্লাহ হলে হল সংসদের সহ-সাধারণ সম্পাদকের (এজিএস) কক্ষে থাকা তার দুই অতিথির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে। এ ঘটনায় এজিএসের আবাসিক সিট সাময়িকভাবে বাতিল করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম