মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

২৭ শ্রাবণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

২৭ শ্রাবণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : শিক্ষা

এসএসসির ফল প্রকাশ, কমল জিপিএ–৫


DhakaReport24.com || 2026-08-10
এসএসসির ফল প্রকাশ, কমল জিপিএ–৫

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে সামগ্রিক পাসের হারের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এ বছর সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। অন্যদিকে জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ ফলাফলের অনুলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

শিক্ষাবোর্ডের দেওয়া উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এবার ফলাফলে বেশ বড় ধরনের নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬.২ শতাংশ এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন অংশ নেয়।


প্রকাশিত ফলাফল বোর্ডের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি নির্ধারিত খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানতে পারছেন পরীক্ষার্থীরা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম