জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যেন্স স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন চিত্রনায়ক রুবেল। শিক্ষার্থীদের আত্মরক্ষা, মনোবল বৃদ্ধি ও পরিশীলিত জীবনবোধে উদ্বুব্ধকরণের লক্ষ্যে চলমান কর্মসূচীর অংশ হিসেবে এই প্রশিক্ষণ প্রদান করেন তিনি।
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় স্টুডিও থিয়েটার হলে আয়োজিত মার্শাল আর্ট কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত হন চিত্রনায়ক রুবেল। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আল্ জাবির এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. তপন কুমার সরকার। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

কর্মশালায় তিনি শিক্ষার্থীদের নানাবিধ কলাকৌশল হাতে কলমে প্রশিক্ষণ দেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সারাদিন ব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বিকেল পাঁচটায় এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক রুবেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
সারাদিন পঠন, প্রশিক্ষণ শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুবেল। এসময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নতিতে শরীরচর্চা, মার্শাল আর্ট উপযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নজরুল বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ায় চিত্রনায়ক রুবেলকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিবাদন জানান বিশ্ববিদ্যালয়র উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, ইস্পাতদৃঢ় মনোবল ও পরিশীলিত জীবনবোধে গঠনে ভবিষ্যতে নায়ক রুবেলকে আরও বেশি বেশি বিশ্ববিদ্যালয়ের নানা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত করা হবে বলে বৈঠকে উপাচার্য অভিমত ব্যক্ত করেন। এসময় নজরুল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের নেতৃত্বের প্রশংসা করেন শিল্পী সমিতির সহ সভাপতি চিত্রনায়ক রুবেল।