শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩১ জুলাই পর্যন্ত
DhakaReport24.com || 2021-06-29 09:49:00
মহামারি করোনাভাইরাস সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ী ও কওমি মাদ্রাসায় চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠন এবং এবতেদায়ী ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সারাদেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও কওমি মাদ্রাসাগুলোর চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
সর্বশেষ ঘোষণা অনুযায়ী, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল ৩০ জুন পর্যন্ত।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন রেডিও ও সংসদ টিভিতে পাঠদানের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।