শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন
DhakaReport24.com || 2020-07-29 08:40:15
কভিড-১৯ প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবার বাড়ানো হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আজ বুধবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। করোনা মহামারী পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঝুঁকি নিচ্ছে না সরকার। অভিভাবকরাও সন্তানদের সুরক্ষা নিয়ে উদ্বেগে আছেন।
করোনার কারণে চার মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কভিড-১৯ প্রাদুর্ভাব পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় আগেই আগামী ৬ আগস্ট পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ৩১ জুলাই থেকে ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় ছুটি বাড়িয়ে ৩১ আগস্ট করা হলো।
এদিকে সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি হিসেবে সিলেবাস সংক্ষিপ্ত করার কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়, এমন খবর পাওয়া যাচ্ছে। পিইসি-ইবতেদায়ি এবং জেএসসি-জেডিসি পরীক্ষাও পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেপ্টেম্বরেও যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব না হয় তাহলে শিক্ষাবর্ষ দুই মাস বাড়ানোর বিকল্প চিন্তা রয়েছে।