ঈদে মাংস খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন যারা
DhakaReport24.com || 2020-07-28 03:20:30
করোরবানির ঈদ মানেই মাংস খাওয়ার ধুম। এসময় মাংসের বিভিন্ন পদ, খিচুড়ি-মাংস, কালিয়া, রেজালা, কাবাবসহ নানা মুখরোচক খাবার খাওয়া হয়। আরো খাওয়া হয় মিষ্টি জাতীয় খাবার।
ঈদে অতিরিক্ত বেশি মাংস খেলে অনেকের বিপদ হতে পারে। কারো কারো বাড়তে পারে গ্যাস্ট্রিকের সমস্যা ও পেটের অসুখ। এছাড়া হার্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের বিপদ বাড়তে পারে। তাই রোগীরা মাংস খাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন।
বিএসএমএমইউর (প্রেষণে) নাক-কান-গলা বিভাগের চিকিৎসক ডা. মো. আবদুল হাফিজ শাফী ঈদে মাংস খাওয়ার ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো:
১. হার্টের রোগীদের বা রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি যাদের, তাদের গরুর বা খাসির মাংস অল্প পরিমাণে খাওয়া উচিত।
২. যাদের মেদ ভুঁড়ি আছে ও ওজন বেশি, তারা পরিমাণে কম মাংস খাবেন। কারণ অতিরিক্ত খাওয়ার ফলে হার্টের সমস্যা হতে পারে।
৩. বয়স্কদের মাংস গিলতে এবং হজমে অনেক সময় অসুবিধা হতে পারে। আর দাঁতের সমস্যা থাকলে মাংসের টুকরা গলায় আটকে যেতে পারে। তাই পরিবারে বয়োজ্যেষ্ঠ থাকলে তাদের জন্য মাংসের টুকরা ছোট ছোট করে রান্না করুন।
৪. এ সময়ে পেটের সমস্যা ও ডায়েরিয়া হতে পারে। তাই ওরস্যালাইন ঘরে রাখুন। আর যদি পাতলা পায়খানার পরিমাণ বেশি হয়, তবে ডাক্তারের পরামর্শ নিন। আর গ্যাস্ট্রিক এসিডিটি সমস্যায় বুক জ্বালা, পেটব্যথা, বমি বমি ভাব, টক ঢেকুরের সমস্যা হতে পারে। গ্যাস্ট্রিক এসিডিটির সমস্যার জন্য কিছু এন্টাসিড ট্যাবলেট ঘরে রাখতে পারেন।
৫. মাংস রান্নার জন্য সিদ্ধ করে পানি ঝরিয়ে বা চর্বি ফেলে দিয়ে রান্না করা স্বাস্থ্যকর।
৬. করোনার এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।