কবি, প্রাবন্ধিক, গবেষক ও ব্যাংকার ফয়েজ আলমের জন্মদিন আজ। ফয়েজ আলম ১৯৬৮ সালে নেত্রকোনার আটপাড়া উপজেলার যোগীরনগুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে সম্মান সহ এম.এ করার পর প্রাচীন বাঙালী সমাজ ও সংস্কৃতি বিষয়ে গবেষণার জন্য এমফিল ডিগ্রী লাভ করেন।
ফয়েজ আলম, কবি, প্রাবন্ধিক, উত্তরউপনিবেশি তাত্ত্বিক। এডওয়ার্ড ডব্লিউ সাঈদের বিখ্যাত গ্রন্থ ‘অরিয়েন্টালিজম’-এর অনুবাদ এবং বাংলাদেশে উত্তরউপনিবেশি চিন্তাচর্চার পথিকৃৎ হিসাবে তিনি বাঙালি পাঠক মহলে বিশেষ জনপ্রিয়। ভাষা বিষয়ে তাঁর চিন্তা শেকড়মুখি। তিনি প্রমিত বাংলার বদলে বাংলাদেশের জনমানুষের সাধারণ কথ্যভাষায় লেখালেখির পক্ষে।
বাঙালির প্রচলিত ইতিহাসকে তিনি অনেকাংশেই বানোয়াট ও বিকৃত ও ইতিহাস হিসাবে অভিহিত করেন। তিনি মনে করেন উনিশ শতকের সাম্প্রদায়িক মনোভঙ্গি থেকে রচিত প্রচলিত ইতিহাসের পুন:পাঠ ছাড়া বাংলাদেশের মানুষের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক মুক্তি সম্ভব নয়। তাঁর লেখা বেশ কিছু বই তরুণ প্রজন্মের পাঠকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। আজ তাঁর জন্মদিন। এই গুরুত্বপূর্ণ লেখকের জন্মদিনে ঢাকারিপোর্ট২৪ ডট কম এর পক্ষ থেকে অফুরান শুভকামনা।