স্বয়ংক্রিয়ভাবে ভিডিও অপসারণ করবে টিকটক
DhakaReport24.com || 2021-07-11 01:23:45
ব্যবহারকারীদের যেসব ভিডিও নীতিমালা লঙ্ঘন করবে, স্বয়ংক্রিয়ভাবে সেগুলো মুছে ফেলতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে টিকটক। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করে বাইটডান্স মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। খবর রয়টার্স।
টিকটক জানায়, বর্তমানে কোনো ভিডিও আপলোড করা হলে সেটি টিকটকের টেকনোলজি টুলের মধ্য দিয়ে যায়। ভিডিওর কোনো অংশ যদি নীতি লঙ্ঘন করে, তাহলে টুলস সেটাকে চিহ্নিত করে। এরপর সেফটি টিম মেম্বাররা সেটি যাচাই করেন। লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হলে ভিডিওটি রিমুভ করা হয় এবং ব্যবহারকারীকে সে বিষয়ে অবহিত করা হয়।
চীনভিত্তিক বাইটডান্সের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা স্বয়ংক্রিয়ভাবে ভিডিও অপসারণ ফিচার চালু করবে। বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ক্ষতিকর, পর্নোগ্রাফি, হিংসাত্মক উপস্থাপন, গ্রাফিক্সের ব্যবহারসহ অবৈধ কর্মকাণ্ডের অস্তিত্ব সংবলিত ভিডিও অপসারণ শুরু হবে। সেফটি টিম নিশ্চিত করার পর ভিডিও অপসারণে অতিরিক্ত সহায়তা প্রদানে এ ফিচার চালু করা হবে বলে জানা গেছে।
এ ব্যাপারে টিকটক জানায়, এ ফিচার চালু হলে সেফটি টিম আরো প্রাসঙ্গিক বিষয়ে গভীর মনোযোগ দিতে পারবে। বিশেষ করে হুমকি প্রদান, হয়রানি, ভুল তথ্যের প্রচার ও হিংসাত্মক আচরণের বিষয়ে কাজ করতে পারবে।
প্রথমবার কেউ নীতি ভঙ্গ করলে তাকে সতর্কবার্তা পাঠানো হবে বলেও জানায় টিকটক। পুনরায় একই কাজ করলে সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি ব্যবহারকারীর অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেয়া হবে। বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও হিংসাত্মক বক্তব্যের বিস্তৃতি রোধে ফেসবুক ও টুইটারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে এ ব্যবস্থা চালু করা হবে।