সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের হামলার ঘটনায় বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) রাতে বিমানবন্দরটিতে হামলার ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।
হামলার পর নিরাপত্তার কারণে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় বিমান চলাচল ও যাত্রীসেবায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তবে হামলার বিস্তারিত, নিহত বাংলাদেশিদের পরিচয় এবং বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম