হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে। আজ বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে মর্ত্যলোক ছেড়ে স্বামীগৃহ কৈলাসের উদ্দেশ্যে রওনা হয়েছেন দুর্গা।মর্ত্যলোকে আবার আসবেন এক বছর পর। প্রতিমা বিসর্জনের প্রতীকী যাত্রায় অশ্রুসজল নয়নে মা দুর্গাকে বিদায় জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন। এর মাধ্যমে শেষ হলো পাঁচ দিনের শারদীয় উৎসব।
বুধবার (৫ অক্টোবর) বিদায় বেলায় বিহিত পূজা, আরাধনা এবং সধবা নারীর সিঁদুর খেলার আচারানুষ্ঠানে মুখরিত হয় দেশের বিভিন্ন এলাকার পূজামণ্ডপ। সিঁদুরের রঙে মাখামাখি হয়েছে ভালোবাসা। মেলবন্ধন গড়ে উঠেছে নারীদের। ছোট ছোট শিশুদের কপালেও লাল তিলক দেখা গেছে।
এদিন বিকেল তিনটা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। তেল সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে রাজধানীর কেন্দ্রীয় বিসর্জন ঘাট ওয়াইজ ঘাটে ভিড় করেন ভক্ত ও অনুরাগীরা।
করোনা মহামারির কারণে গত দুই বছর নানা বিধি নিষেধে আবদ্ধ ছিল দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সংক্ষিপ্ত আয়োজনের কারণে বেশিরভাগ স্থানেই হয়নি সিঁদুর খেলা ও বিসর্জনের শোভাযাত্রা। করোনা কমে যাওয়ায় এবার রঙিন আয়োজনে মেতে উঠেন হিন্দু ধর্মাবলম্বীরা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম