গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ৩৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি সর্বমোট ডেঙ্গুরোগীর সংখ্যা দুই হাজার ১৫৬ জন। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ৬৩ জন মারা গেছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয় , মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৪ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭৯ জন এবং ঢাকার বাইরে ৬৫ জন। নতুন ৩৪৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ১৫৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৮ হাজার ৬৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৪২৭ জন।
২০২০ সালে করোনা মহামারি চলাকালীন ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে না দেখা গেলেও ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত হন । একই বছর দেশব্যাপী ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম