মেহেন্দিগঞ্জে আন্দামানিক ইউনিয়ন থেকে হিজলা উপজেলা পর্যন্ত ৩ কিলোমিটার সংযোগ সড়কের ১২ মিলিমিটার কার্পেটিংয়ের কাজ নিয়ে ফেসবুক লাইভে অনিয়ম ও ঠিকাদারির অভিযোগ সরেজমিনে ভুল প্রমাণ করেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জননেতা রাজিব আহসান।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সরেজমিনে অভিযোগের সত্যতা না পাওয়ায় লাইভ ভিডিও প্রচারকারী ব্যক্তি জনসম্মুখে তার ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেন।
সম্প্রতি আন্দামানিক-হিজলা সড়কের সংস্কারকাজ চলাকালে এক স্থানীয় ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও প্রচার করে কাজের মান, রাস্তা ভেঙে যাওয়া ও ঠিকাদারি নিয়ে প্রশ্ন তোলেন। ভিডিওতে তিনি বলেন, ‘আর এখানে রাস্তাটা ডোবা, এমনকি ভাইঙ্গা ছুটে পড়ে গেছে।’ ভিডিওটি প্রতিমন্ত্রী রাজিব আহসানের নজরে আসলে তিনি বিষয়টির সত্যতা যাচাই ও তদারকির জন্য ঢাকা থেকে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
লাইভ ভিডিও প্রচারকারী ব্যক্তির উপস্থিতিতে সড়ক ও জনপথ বিভাগের বরিশাল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জেলার নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি একসঙ্গে সড়কটি পরিদর্শন করেন।
ছবিতে দেখা যায়, সাদা পাঞ্জাবি পরা প্রতিমন্ত্রী রাজিব আহসান হাতে কাগজ নিয়ে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পাশে সাদা টুপি-সবুজ পাঞ্জাবি পরা লাইভকারী ভাই ও সওজের প্রকৌশলীরা রয়েছেন। চারপাশে শত শত জনতা মোবাইলে ভিডিও ধারণ করছে।
ভিডিওতে প্রতিমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘জনগণ বলছে তো সেই জনগণকে নিয়ে আসো, আমরা তো আজকে জনগণের কাছে আসছি। জনগণ কই? এই যে দোকানপাটের লোক আছে। আমি তো সবাইকে নিয়ে আসছি।’
লাইভকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘দাঁড়া করায় রাখছি তোমার সামনে। বরিশাল ডিভিশনের সবচেয়ে বড় তিনজন ইঞ্জিনিয়ার আইনা তোমার সামনে দাঁড়া করাইতেছি। তুমি বুইঝা নাও। আমি দুই দিকেই কাটি। জনগণের কথা শুনি, আবার কাজের মানও দেখি।’
সওজের নির্বাহী প্রকৌশলী জানান, ‘উক্ত সড়কে ১২ মিলিমিটার কার্পেটিংয়ের কাজ চলছে। সাধারণত কার্পেটিংকৃত সড়কে বিটুমিন মিশ্রিত পাথর সম্পূর্ণভাবে জমাটবেঁধে দৃঢ় হতে কমপক্ষে ৭২ ঘণ্টা সময় প্রয়োজন হয়। এই কারিগরি বিষয় সম্পর্কে পূর্বে অবগত না থাকায় ভুল বোঝাবুঝি হয়েছে বলে স্বীকার করে লাইভ ভিডিও প্রচারকারী জনসম্মুখে দুঃখ প্রকাশ করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আজকে উঠাবে না? তুমি যদি আজকে না ওঠাও তালে তোমাকে মাফ চাইতে হবে।’
পরিদর্শন শেষে রাজিব আহসান সওজের সংশ্লিষ্ট প্রকৌশলীদের উদ্দেশে বলেন, জনগণের টাকার একটা পয়সাও যেন নষ্ট না হয়। কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। ৭২ ঘণ্টার আগে রাস্তায় কেউ উঠবে না। কালকে যদি আবার এখানে কমপ্লেইন করে আমি আবার আসব।
প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক উপস্থিতি ও জনসম্মুখে জবাবদিহিতামূলক তদারকিতে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, অভিযোগ আসার ১২ ঘণ্টার মধ্যে সংসদ সদস্য নিজে ঘটনাস্থলে এসে জনগণের সামনে সমস্যার সমাধান করায় জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম