ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যারা টিকা নেবেন না তাদের ট্রেড লাইসেন্স এবং দোকানপাট বন্ধ করে দেওয়া হবে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকার ঢাকা স্ট্যান্ডার্ড স্কুলে টিকা কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
এ সময় মেয়র আতিকুল ইসলাম কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, আমরা আগামী ১ মার্চ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। এর আগে যারা টিকা নেবেন না তাদের ট্রেড লাইসেন্স এবং দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। সিটি কর্পোরেশনের কোনো সেবা তারা পাবেন না। আপনি নিজে টিকা নিন, অন্যদেরও টিকা নিতে বলুন। নো টিকা, নো সার্ভিস।
ছুটির দিনেও ডিএনসিসির সব কেন্দ্রে আমরা টিকা কার্যক্রমের জন্য খোলা রেখেছি। আগামীকাল (শনিবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৮৬টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান করা হবে। টিকা নিতে কোনো টাকা লাগে না, শুধু দরকার আপনার সদিচ্ছা। প্রধানমন্ত্রীর উপহার টিকা হবে সবার।
মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, আগামী ৬ মার্চ গণভবন থেকে আমাদের প্রধানমন্ত্রী নতুন এসব ওয়ার্ডগুলোর রাস্তার কাজের উদ্বোধন করবেন। ফলে টিকাও হবে, রাস্তাও হবে। সুন্দর একটি নগরী হবে আপনাদের জন্য।
এ সময় স্থানীয় কাউন্সিলরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম