শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন


DhakaReport24.com || 2026-11-19
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তাদের কথা হয়েছে।

ওসির বরাত দিয়ে তিনি বলেন, দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা চারঘাটের দিক থেকে এসে বাড়ির ফটকের সামনে সামান্য আগুন লাগানোর চেষ্টা করে। তবে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে যাওয়ায় তারা ভেতরে ঢুকতে পারেনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বাড়ির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ভিডিওটির বিষয়ে কোনো মন্তব্য করেননি পুলিশ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

এদিকে, রাজশাহীতে গত বুধবার রাতে একাধিক নাশকতামূলক ঘটনার খবর পাওয়া গেছে। নগরীর বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন, রেললাইনে আগুন দেওয়া ও লাল নিশান টানানো এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়েছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


পুলিশ জানায়, বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।


অন্যদিকে, রাজশাহীর দুর্গাপুর উপজেলার শালঘড়িয়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম