মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

৭ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণ জানালেন ডা. জাহেদ


DhakaReport24.com || 2026-09-22
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণ জানালেন ডা. জাহেদ

তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে সফরটা দীর্ঘ ছিল। পরে তিনি (প্রধানমন্ত্রী) এটা সংক্ষিপ্ত করেন। কারণ দীর্ঘ সফরের চেয়ে কম সময়ের সফর ব্যয় সাশ্রয়ী। আপনারা খেয়াল করবেন খুব ছোট একটা দল নিয়ে তিনি সফরে গেছেন। একই সঙ্গে দেশ নানানরকম ভাবে কিছু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে দেশে থাকা তার জন্য নিশ্চয়ই আরও বেটার প্রায়োরিটি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কোনো কথা তারা এখনও জানেন না।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় কিছু দুই একটা ককটেল ফুটেছে, বাসে আগুন লেগেছে, এগুলো করে আসলে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না।’


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক কোনো সংকট আমরা দেখছি না। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবেন, এটা মেনে নিয়েই আসলে রাজনীতি করা উচিত।

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপি গাজী নজরুল ইসলামের সদস্যপদ প্রসঙ্গে জাহেদ উর রহমান জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা দলের বিরুদ্ধে ভোট দিলে তার সদস্যপদ নিয়ে প্রশ্ন তৈরি হয়। তবে গাজী নজরুল ইসলাম দল থেকে পদত্যাগ করেননি, তাকে বহিষ্কার করা হয়েছে। এ কারণে তিনি এখনো সংসদ সদস্য রয়েছেন।

জাহেদ উর রহমান বলেন, অসদাচরণের অভিযোগের সদস্যপদ যাওয়ার সুযোগ রয়েছে, তবে সেটি একটি প্রক্রিয়াগত বিষয়। একই সঙ্গে নৈতিক স্খলনজনিত অপরাধে দুই বছর বা তার বেশি সাজা হলে সংসদ সদস্যপদ নিয়ে নতুন করে সাংবিধানিক প্রশ্ন তৈরি হতে পারে।


ফাঁসির রায় কার্যকর হতে দীর্ঘ সময় লাগার বিষয়ে জাহেদ উর রহমান জানান, বিচার বিভাগ রাষ্ট্রের একটি স্বাধীন বিভাগ। কোনো মামলার বিচারিক প্রক্রিয়া বা ফাঁসি কার্যকরে বিলম্বের বিষয়ে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই।


উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।


৪ দিনের সফর শেষে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ইকে-২০২ ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ২৭ সেপ্টেম্বর তার ঢাকায় পৌঁছানোর কথা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম