ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুর রহিম বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীকে কেন্দ্র করে চারদিকে শৃঙ্খলা রক্ষার জন্য দেয়া হয়েছে বেষ্টনি। র্যাব ও ডিএমপির পক্ষ থেকে বসানো হচ্ছে ‘ওয়াচ টাওয়ার’। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমগ্র এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী কাব্য বাংলানিউজকে বলেন, ভাষা আন্দোলনের দেওয়াল লিখন এমনভাবে করা হয় যেন দৃষ্টি পড়তেই ভাষা আন্দোলনের আবহ ফুটে ওঠে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান যথাযোগ্য মর্যাদায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২’ সুষ্ঠুভাবে উদযাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আগত সবাইকে মাস্ক পরিধান বাধ্যতামূলক। এছাড়া, সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিটি সংগঠন/প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি ও ব্যক্তিপর্যায়ে একসাথে সর্বোচ্চ ২ জন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার উদ্যোগে শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয়েছে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।