রোমানিয়া বাংলাদেশ থেকে ৫ হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন । আজ সোমবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এতথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী মার্চ মাসে তিন মাসের জন্য ঢাকায় আসবে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ সদস্যের একটি কনস্যুলার টিম । তারা তিন হাজার চারশ মূলতবি ভিসাসহ ৫ হাজার ভিসা ইস্যু করবে।
মন্ত্রী আরও জানান, রোমানিয়া প্রথমবারের মতো এ ধরনের একটি কনস্যুলার টিম বিদেশে পাঠাচ্ছে। কনস্যুলার টিমকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রোমানিয়ার কোনো মিশন নেই বাংলাদেশে। দিল্লির মিশন থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছে রোমানিয়া।