দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক মিশনগুলোতে চিঠি দিয়েছে সরকার।
গত বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিশনগুলোতে এ চিঠি দেওয়া হয়।
এতে বলা হয়েছে, ২০২৪ সালের মধ্য জানুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষিতে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়।
চিঠির সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ‘বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩’ সংযুক্ত করে দেওয়া হয়। তাতে আগামী নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহীদের আগামী ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশন সব সময় একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ। ইসি চায় দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা যেন সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেন।
নভেম্বরের প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার কথা রয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য ভোট পর্যবেক্ষণে নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য সব পর্যবেক্ষণ কার্যক্রম উন্মুক্ত থাকবে।
এক্ষেত্রে বিদেশি ‘বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩’ মেনে আবেদন করতে হবে। আবেদনপত্র ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম