রাজধানীর শাহবাগ থানার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের ফুটপাত থেকে এক দিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোর রাতের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে আমরা বার্ন ইনস্টিটিউটের ফুটপাথ থেকে ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক এক দিন হবে। রাতে যেকোনো সময় কেউ হয়ত ওই নবজাতককে ফুটপাতে ফেলে গেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেল সেটি জানার চেষ্টা করছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম