রাজধানীর মৌচাক টাওয়ারে আগুন লাগার কয়েক ঘণ্টা যেতে না যেতেই আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীতে।
ঢাকার কড়াইলে বস্তিতে রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পাওয়া মাত্র আমাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি আনোয়ারুল ইসলাম। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর আসেনি।
আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করছে বস্তির মানুষও। যে যেভাবে পারছেন আগুন নেভানোর চেষ্টা করছেন। অনেকে আগুন থেকে নিজেদের মালামাল সরানোর চেষ্টা করছেন।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মৌচাক টাওয়ারে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম