আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সিলেটে যান। এসময় সিলেট সার্কিট হাউজে ‘বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দুর্গতদের পুনর্বাসন’র বিষয়ে এক ‘মতবিনিময় সভায়’ প্রধানমন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে এলিভেটেড রাস্তা হবে। এ অঞ্চলে মাটি উঁচু করে আর কোনো রাস্তা করা হবে না। এলিভেটেড রাস্তা হলে সেটা সহজে নষ্ট হয় না। এছাড়া বন্যার মতো দুর্যোগে যাতায়াতেরও সুবিধা হয়।
এসময় প্রধানমন্ত্রী বলেন, নদীগুলো নিয়মিত মেইনটেন্যান্স ড্রেজিং করতে হবে। এছাড়া এর গভীরতা ঠিক রাখতে ড্রেজিং অব্যাহত রাখতে হবে। শুধু একবার ক্যাপিটাল ড্রেজিং করলেই হবে না।
প্রধানমন্ত্রী বলেন,‘বন্যায় ভেঙে পড়বেন না, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।’ বন্যা মোকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।মতবিনিময় সভায় সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে বলেও জানান শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে সিলেট সার্কিট হাউজে যান তিনি। এর সেখানেই এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী এ সময় ছোটবেলায় সিলেটে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সেসময় বিশাল বিশাল ড্রেন ছিল, সব বাড়ির সামনে পানি যাওয়ার ড্রেন ছিল। তার ওপর স্ল্যাব দিয়ে চলাচলের ব্যবস্থা। দুর্ভাগ্য এখন কিন্তু নেই। বিল্ডিং বানিয়ে এমন অবস্থা… পানি যাওয়ার জায়গা নেই।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম