দীর্ঘ ৫৮ ঘণ্টা পরেও চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনো বেশ কয়েকটি কনটেইনারে জ্বলছে আগুন।
ফায়ার সার্ভিস বলছে, নিখোঁজদের বিষয়ে অভিযান চলবে আগুন নিয়ন্ত্রণের পরই। তবে আদৌ সেখানে মরদেহ পাওয়া যাবে কি না তা নিয়ে রয়েছে সন্দেহ।
টানা ৪৮ ঘণ্টা ধরে কাজ করতে করতে বেশ কয়েকজন দমকলকর্মী ক্লান্ত হয়ে পড়েছেন। ডিউটি ভাগ করে দেওয়ার পরও আগুনের তীব্রতা থাকায় ক্লান্ত তারা।
মঙ্গলবার (৭ জুন) সকাল ৯টার দিকে সরেজমিনে গেলে দেখা যায়, ফায়ার সার্ভিসের ৫টি বড় ইউনিট তখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চারটি কেমিক্যালযুক্ত কনটেইনার নিরাপদ স্থানে সরিয়ে নিলেও ফায়ার ফাইটাররা বলছেন সেগুলো পরবর্তীতে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। মূল আগুন নিয়ন্ত্রণের পরই ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ইউনিট কাজ করবে কেমিক্যালযুক্ত এই কনটেইনার নিয়ে।
এ বিষয়ে বৃহত্তর কুমিল্লা ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান গনমাধ্যমকে বলেন, টানা ৪৮ ঘণ্টা আমরা কাজ করে চলেছি। এখন যে কনটেইনারগুলো জ্বলছে সেগুলোতে গার্মেন্টসপণ্য থাকায় আমাদের বেগ পেতে হচ্ছে। তবে আশা করছি আজকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আসবে। আগুন নিভে গেলে সেখানে সরাসরি প্রবেশ করে উদ্ধার অভিযান চালানো হবে।
এর আগে শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে। অগ্নিকাণ্ড ও ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৯ জনে।
তবে জেলা প্রশাসনের তথ্য মতে মৃতের সংখ্যা ৪৬। দগ্ধ ও আহত ১৬৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। শনাক্ত হওয়া নিহতদের রাতেই জেলা প্রশাসনের সহায়তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম