বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।
আজ রোববার (২৪ এপ্রিল) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারি ও সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন সেমিনারে উপস্থিত ছিলেন।
পিটার হাস বলেন, অর্থনীতিতে উন্নয়ন এবং ভূরাজনৈতিক অবস্থানের জন্য বিশ্বে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা ও অংশীদারিমূলক সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে। যুক্তরাষ্ট্র মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতিতে এবং উভয় দেশের প্রতিবন্ধকতা মোকাবেলায় দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে প্রয়াস চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, আমাদের খুশির বিষয়টি খুব সাধারণ। বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পাবে, এটাই আমাদের চাওয়া।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম