রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

দেশের রেলখাতে বিনিয়োগ করতে আগ্রহী স্পেন


DhakaReport24.com || 2022-04-10 14:27:00
দেশের রেলখাতে বিনিয়োগ করতে আগ্রহী স্পেন

বাংলাদেশের রেলখাতে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে স্পেন। রোববার (১০ এপ্রিল) রেলভবনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিস্কো বেনিতেজ।

এসময় রাষ্ট্রদূত বাংলাদেশে লোকোমোটিভ সরবরাহ করা ও ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্র্যাকশন করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর পায়রা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের বিষয়েও তারা আগ্রহী। এছাড়া রেলের উন্নয়নে স্বল্পসুদে ঋণ দিতে স্পেন সরকার আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত।

পাশাপাশি স্পেনের টালগো কোম্পানি বাংলাদেশ রেলওয়েতে দেওয়া প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান ট্র্যাকে হাই স্পিড ট্রেন পরিচালনা করা সম্ভব কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা কামনা করেন।

স্পেনের টালগো কোম্পানি মূলত ডিজেল, ইলেকট্রিক এবং উভয় মোডের হাই স্পিড ট্রেন ডিজাইন ও প্রস্তুত করে থাকে। গত ১ ডিসেম্বর রেলপথমন্ত্রী স্পেনের ফ্যাক্টরি পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশ রেলওয়েতে তাদের ট্রেন পরিচালনার বিষয়ে তারা একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এসময় মন্ত্রী বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগে স্পেনের আগ্রহের জন্য ধন্যবাদ জানান। এজন্য আন্তর্জাতিক বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

বৈঠককালে রেল মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মঞ্জুরুল আলম চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম