রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজের দুদিন পর বিএনপি নেতা মো. মাসুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে।
মো. মাসুদ (৫০) কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওয়ার্ড শাখা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মো. মাসুদ মুদি মালামাল বিক্রি করতে প্রতি বৃহস্পতিবার কাপ্তাই থেকে বিলাইছড়ি যেতেন। সাধারণত শুক্রবার বিকেলে কিংবা শনিবার সকালে বাড়ি ফিরে আসতেন। গত বৃহস্পতিবারও একইভাবে তিনি বাড়ি থেকে বের হয়ে নৌকা নিয়ে বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দেন। তবে শনিবার সকালেও তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে বিকেল ৪টার দিকে গর্জনটিলা এলাকায় মাসুদের নৌকাটি ভাসতে দেখা যায়। এতে চাল, ডাল, ডিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালপত্র ছিল।
জানা গেছে, কাপ্তাই হ্রদের গর্জনটিলার যেই স্থান থেকে নিখোঁজ হয়েছিলেন সেখানেই ভেসে উঠেছে মরদেহ। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম