কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের জামায়াত নেতা আমজাদ হোসেন হত্যা মামলার ৩নং আসামি সৈয়দ নূরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৩টার দিকে ইউনিয়নের নতুন মহাল এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সৈয়দ নূর ওই এলাকার মফজল আহমদের ছেলে। তার ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রায়েফ আনান রাফি ওই মামলার প্রধান আসামি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে পুলিশের বিশেষ একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনজুর আলমও এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ঘটনার দিন রাতে স্থানীয়রা এই হত্যাকাণ্ডে জড়িত থাকায় ইউপি সদস্য এহছানুল হককে (৫০) আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছিলেন।
প্রসঙ্গত, সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন মহাল বাজার এলাকায় সৈয়দ নূরের ছেলে, নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী রায়েফ আনান রাফি (২৪), তার সহযোগী আবছার কামাল (৩৬) ও মো. মোফাজ্জল (৪৫) এর নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা উপর্যুপরি ছুরিকাঘাতে একই এলাকার নুরুল কবিরের ছেলে, প্রবাস ফেরত স্থানীয় জামায়াতে ইসলামীর যুব বিভাগের বাজার ইউনিটের সেক্রেটারি হাফেজ আমজাদ হোসেনকে হত্যা করে।
পরে নিহতের ভাই এরফানুল হক বাদী হয়ে হত্যায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম