চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে ট্রাকচাপায় মো. জাহিন (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে হাটহাজারীর কলেজগেটের অদূরে নাফিতের ঘাটা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিন ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের আজাদীবাজার এলাকার সফর আলী গোমাস্তার বাড়ির বাসিন্দা প্রবাসী জহির মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।
জানা গেছে, জাহিন তার মামা আশরাদ আলমের সাথে মোটরসাইকেলে করে বেড়াতে যাচ্ছিলেন। পথে নাফিতের ঘাটা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সামনে একটি ভ্যানগাড়ি পরে যাওয়ায় জাহিন ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় সে।
গহিরা হাইওয়ে থানার ওসি কামরুল আজম জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ব্যাপারে আইনি নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম