চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের একাংশ ভাঙচুর চালিয়েছে। শনিবার (৫ মার্চ) দুপুর 2টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আগামী ৭ মার্চ পালনকে কেন্দ্র করে কলেজ অধ্যক্ষের সঙ্গে বৈঠক বসে ছাত্রলীগের একটি গ্রুপ। এতে এ কলেজের আরেকটি গ্রুপ ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছে বলে জানা যায়।
এ ব্যাপারে মহসিন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈমের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে কলেজ অধ্যক্ষ কামরুল ইসলামের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ মার্চ পালন নিয়ে শনিবার সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নেতারা যোগ দেন। এতে প্রতিপক্ষ গ্রুপের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। যার ফলে সভা শেষ হওয়ার আগেই অধ্যক্ষের কার্যালয়ের সামনে কিছু আসবাবপত্র ভাঙচুর করেন তারা।
চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান জানান, ৭ মার্চ পালন নিয়ে অধ্যক্ষের সঙ্গে বৈঠক বসে ছাত্রলীগের একটি গ্রুপ। এতে প্রতিপক্ষ গ্রুপের ছেলেরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে ভাঙচুর চালায়। তবে কারো মধ্যে কোনো মারামারি হয়নি। কলেজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে ভিডিও ফুটেজ দেখে দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।