চট্টগ্রামের মিরসরাইয়ে রেলওয়ে ও সওজের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা আরশি নগর ফিউচার পার্ক উচ্ছেদ করতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় স্থাপিত পার্কের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় মসজিদের মুসল্লী, ছাত্র-ছাত্রী, শিশু, বৃদ্ধসহ এলাকার নানান শ্রেণি পেশার মানুষ।
এর আগে ২০২১ সালের ৫ জুন সরকারি জমি ও টিলা কেটে আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন দিদার এ পার্কটি নির্মাণ করলে দেশের শীর্ষস্থানীয় বেশকিছু পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেসময় সরকারের সড়ক ও জনপদ বিভাগ, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল একাধিকবার পার্ক কর্তৃপক্ষকে নোটিশ করলেও পরবর্তীতে পার্কটি উচ্ছেদে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। তবে শুক্রবারে অনুষ্ঠিত জনতার মানববন্ধনে পার্কটির বিরুদ্ধে সরকারি জমি দখল ছাড়াও আরো বেশ কিছু অভিযোগ তোলা হয়।
এসময় মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ‘প্রথমে টিলা কেটে সরকারি জমিতে পার্ক নির্মাণ করেছে। সরকার এতে কিছুই বলেনি। বর্তমানে অসামাজিক সকল কর্মকান্ড পার্কের ভেতর করা হচ্ছে। রাতের বেলায় গোপনে করলেও বর্তমানে প্রকাশ্যে করছে।’
স্থানীয় বিশ্বরোড নূরানী জামে মসজিদের মুসল্লি মো. জামাল উদ্দিন ও আবুল খায়ের বলেন, ‘পার্কের গান-নাচের শব্দের জন্য মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাও মুশকিল হয়ে গেছে। পার্কের মালিককে এসব বিষয়ে কয়েক বার আমরা গ্রামবাসী অভিযোগ করেছি। সে কোন কর্ণপাত করেনি।’
স্থানীয় জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহিনুর হোসেন জানান, আজকে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন আয়োজন করেছি। বিষয়টি আমরা উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যানকে লিখিতভাবে জানাবো।
এসব বিষয়ে কথা বলতে আরশি নগর ফিউচার পার্কের মালিক মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন দিদারকে ফোন দিলে তাঁর গাড়ির ড্রাইভার ফোন রিসির্ভ করে বলেন, ‘স্যার ব্যস্ত আছেন’।
পরে পার্কের ব্যবস্থাপক যুবরাজ সূত্রধরের সাথে মুঠে ফোনে কথা বললে তিনি আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পার্কের ভেতর কোন রকম অসমাজিক কাজকর্ম হয় না। অবৈধ জমিতে পার্ক নির্মাণে বিষয়টিও সঠিক নয়। নামাজের সময় সাউন্ড বন্ধ রাখা হয়। মধ্যরাতে কোন গান বাজনা হয় না।’
ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম