চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল ৯টার দিকে উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয়পাথর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. জয়নাল (৩২) ওই এলাকার বাসিন্দা মো. ইলিয়াছ কোম্পানির ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় বাসিন্দা শাহজাহান (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নালের বড় ভাই জাফরের ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা শাহজাহানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় জাফরের মোবাইল ফোনের আঘাতে শাহজাহানের মাথা ফেটে যায়।
পরিস্থিতি শান্ত করতে জাফরের বাবা ইলিয়াছ কোম্পানি ও ছোট ভাই জয়নাল এগিয়ে আসেন। একপর্যায়ে জাফর ক্ষিপ্ত হয়ে বাবাকে লক্ষ্য করে ছুরি দিয়ে আঘাত করেন। তবে ওই আঘাত বাবার শরীরে না লেগে ছোট ভাই জয়নালের শরীরে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন জয়নালকে উদ্ধার করে বারৈয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত শাহজাহান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের বাবা ইলিয়াছ কোম্পানি বলেন, আমার বড় ছেলের সঙ্গে শাহজাহানের কথা-কাটাকাটি হয়েছিল। বিষয়টি মীমাংসা করতে গেলে সে আমাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। কিন্তু সেই আঘাত আমার ছোট ছেলে জয়নালের শরীরে লাগে।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম