মিরসরাইয়ে লম্বা বুম আর বড় ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো কথিত সাংবাদিক মো. অলি কে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ার গ্রামের হাজী সিদ্দিক আহম্মদের পুত্র।
পুলিশ সূত্র জানায়, ২০১৯ সালে দায়েরকৃত ৫০৬ ধারায় একটি নন জিআর মামলায় (নম্বর ৮০৬) মো. অলিকে সাজা দেন চট্টগ্রাম জ্যুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
মামলার ধারামতে জানা যায়, ২০১৯ সালে কথিত সাংবাদিক অলি কতিপয় ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে হুমকি-ধমকি দেয়। এঅপরাধে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। প্রায় দুই বছর পর গত ২০২১ সালের ৪ মার্চ আদালত সে মামলার রায় দেন।
জানাগেছে আটককৃত মো. অলি, জি বাংলা বুলেটিন নামের একটি অনলাইন প্রতিষ্ঠানের লগো সংবলিত লম্বা বুম আর বড় ক্যামেরা নিয়ে মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়াতো। তাই অনেকেই তাকে সাংবাদিক হিসেবেই জানতো।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, অলির বিরুদ্ধে বিজ্ঞ আদালতের সমন ছিলো। তাকে বুধবার গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে কথিত সাংবাদিক অলিসহ তার আরো কয়েকজন সহযোগীর অপকর্মের বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিলো।
মিরসরাইয়ের সচেতন মানুষ জানায়, এমন কথিত সাংবাদিকের ভিড়ে প্রকৃত মফস্বলের সাংবাদিকরা হারিয়ে যাচ্ছে। তাই কথিত এসব সাংবাদিকদের বিরুদ্ধে প্রসাশনের আরও কঠোর ব্যবস্থা নেয়া সময়ের দাবী।
ঢাকারিপোর্ট২৪ডটকম/সাকা/আরএএম