চট্টগ্রামের পাঁচলাইশ থানা জিইসির মোড় এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বিচারককে মারধর করে অপহরণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনার মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ওয়েল ফুডের সামনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মো. অলি উল্লাহ, তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম আদালতে কর্মরত।
জিইসি মোড় এলাকায় স্ত্রীকে নিয়ে হাঁটার সময় একটি ব্যক্তিগত গাড়ি পেছন থেকে উচ্চ শব্দে হর্ন বাজালে ওই ম্যাজিস্ট্রেট হাতের ইশারায় নিষেধ করেন। এ সময় আসামিরা গাড়ি থেকে নেমে তার সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন।
এর কারণ জানতে চান ম্যাজিস্ট্রেট। এতে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে এসে রানা নামে একজন তাঁর ওপর হামলা চালায়।এতে আহত ম্যাজিস্ট্রেটকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। এরিমধ্য ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তালিকাভুক্ত পাঁচজন হলেন রানা মূর্তজা, শিশির মাহমুদ, মাসুকা সুলতানা, আব্দুর রহিম ও জিবান সুলতানা। এর মধ্যে শিশির মাহমুদ ছাড়া বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।